জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১১ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 11:05 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের দরপত্র ডেকে কাঙ্খিত ইজারা মূল্য পাওয়া যায়নি। ফলে পৌরসভা নিজেই পরিচালনা করতে হচ্ছে জেলা শহরের ভাদুঘর বাস টার্মিনালের এই পশুর হাট।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার অধিনস্থ একমাত্র কোরবানির পশুর হাট ভাদুঘর বাস টার্মিনালে অবস্থিত। প্রতিবছর ঈদের চারদিন আগে এই পশুর হাট বসে। গত বছর হাটটি ঈদের চারদিনের জন্যে ৭০ লাখ টাকা দরে ইজারা প্রদান করে পৌরসভা। এবছর ইজারা প্রদান করতে গত ২৮ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র আহবান করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এতে ৪ দিনে সম্ভাব্য ইজারা মূল্য ধরা হয় এক কোটি টাকা। দরপত্র জমার শেষ সময় সোমবার ১০ জুন দুপুর ১২টায় এবং খোলার সময় রাখা হয় একই দিন দুপুর একটায়। এই সময়ের মধ্যে দরপত্রের সিডিউল বিক্রি হয় মাত্র দুটি এবং জমাও পড়ে এই দুটি সিডিউলই। সোমবার দরপত্র বাক্স খোলার পর দেখা যায় ওই দুটি দরপত্রে ইজারা মূল্য উল্লেখ্য করা হয় একটিতে ৫০ লাখ এবং অপরটিতে ৬৫ লাখ টাকার বেশি। যা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্ভাব্য ইজারা মূল্যের ৩৫ লাখ টাকা কম। চাহিদা অনুযায়ী ইজারা মূল্য না পাওয়ায় একই দিন সভা করে পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে ঈদের ৪দিন এই পশুর হাট নিজেরাই পরিচালনা করবে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদদূস জানান, আমরা চেষ্টা করেছি সম্ভাব্য মূল্য অনুযায়ী ইজারাদার পেতে, কিন্তু তা পাওয়া যায়নি। সরকারি মূল্যের কমে তো বাজার ইজারা দেওয়া যাবে না। এখন আমাদের হাতে সময় নেই। নতুন করে দরপত্র ডাক দিতে নূন্যতম ১৫দিন সময় রেখে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়, কিন্তু এই সময় এখন নেই। তাই আর দরপত্র ডাক দেওয়া হয়নি। এখন আইন অনুযায়ী এখন আমাদের নিজেদেরই বাজার পরিচালনা করতে হবে। তবে তা অনেকটা কষ্টকর।
–আবুল হাসনাত মো. রাফি/
Posted ১০:২২ পিএম | মঙ্গলবার, ১১ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya