আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:10 pm
দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটকা পড়া ১২ বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরেছেন। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। সীমান্তের শুন্যরেখায় ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশে ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জবা রানী রায় ও জগদীশ রায়, নেত্রকোনার পুর্বধলার মোসাঃ বিউটি, চাদপুরের নিশ্চিন্তপুরের রিয়াহ হোসেন, যশোরের অভয়নগরের মোসাঃ বিনা বেগম ও মোঃ শেখ সাদী, নওঁগার আত্রাই উপজেলার শাহিনা বেগম, জামালপুরের মেলান্দহের দুই ভাই মোঃ শামিম মিয়া ও মোঃ সুহান মিয়া, জামালপুরের ইসলামপুর থানার মোঃ ফারুখ হোসেন ও আসমা বেগম এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার তৃষ্ণা অধিকারী তিশা। সাজা শেষে তিশা আগড়তলার জওহরলাল নেহড়ু বালিকা নিবাসে এবং বাকিরা নরসিংগড় ডিটেনশন সেন্টারে অবস্থান করছিলেন।
পরিবার ও হাইকমিশন সূত্রে জানা গেছে, দালালের খপ্পড়ে পড়ে অবৈধ পথে ১২ জন বাংলাদেশি ভারতের ত্রিপুরা রাজ্যে গিয়ে আটক হন। এরপর আদালতের নির্দেশে তারা সাজা ভোগ করেন। সাজা শেষে তাদের নাগরিকত্ব যাচাই করা হয়। এরপর স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করে তাদের দেশে ফেরার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করে আগরতলার সহকারী হাইকমিশন।
এসময় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নূরে আলম প্রমুখ।
–আশরাফুল মামুন
Posted ১০:১০ পিএম | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya