জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:52 pm
দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে কোন প্রকার প্রভাব পড়েনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন পণ্যবাহী জাহাজ থেকে পণ্য উঠানামায় ব্যস্ত সময় পাড় করছেন নৌ বন্দরের শ্রমিকরা। এছাড়াও আশুগঞ্জ ও ভৈরব লঞ্চঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে গিয়েছে।
আশুগঞ্জ নৌবন্দরে গিয়ে দেখা যায়, বিভিন্ন জাহাজ থেকে পণ্য উঠানামার কাজ করছেন শ্রমিকরা। আশুগঞ্জ নৌবন্দরে শ্রমিকরা জানান, সকাল থেকেই প্রতিদিনের মতই কাজ করছেন তারা। বন্দরে কোন প্রভাব পড়েনি অবরোধের। বিভিন্ন পণ্যবাহী জাহাজও কোন বাধা ছাড়াই ভিড়ছেন বন্দরে।
আশুগঞ্জ নৌ বন্দরের শ্রমিক মো. সুজন মিয়া বলেন, অবরোধের কোন প্রভাব পড়েনি আশুগঞ্জ নৌবন্দরে। আমরা সবাল থেকেই বিভিন্ন পণ্য উঠানামা করছি। এছাড়াও বিভিন্ন এলাকার যাত্রীবাহী লঞ্চগুলোও চলাচল করছে বাধাহীনভাবে।
আশুগঞ্জ নৌবন্দরের ইজারাদার রনি মুন্সি বলেন,এই নৌ বন্দরে প্রতিদিন প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। এছাড়া পণ্যবাহী জাহাজ বন্দরে যদি বেশি থাকে, তাহলে শ্রমিকের সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায়। অবরোধে আশুগঞ্জ বন্দরে কোন প্রভাব পড়েনি। প্রতিদিনের মতো পন্য খালাস করেছে শ্রমিকরা।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের জানমালের সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যে কোন নাশকতা এড়াতে পুলিশ কাজ করে যাচ্ছে। সোমবার রাত থেকে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এই যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীতে বিজিবির সদস্যরাও কাজ করছে। অবরোধের প্রথম দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। সাধারণ জনগনের জানমাল রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। নাশকতার চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, গত ২৮ অক্টোবর রাজধানীতে পৃথক সমাবেশের ডাক দেয় জাতীয়বাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। সে দিন পুলিশের সাথে বিএনপির ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক পুলিশ নিহতসহ অনেক হতাহতের ঘটনা ঘটে। এরপর দিন ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি ও জামায়াত। হরতাল শেষে রাতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সড়ক, রেলপথ ও নৌপথে অবরোধের ঘোষণা দেয় বিএনপি। জামায়াতও পৃথকভাবে একই সময়ে অবরোধের ঘোষণা করে।
Posted ৯:৫২ পিএম | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya