নবীনগর সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ ও ডিমের দাম মনিটরিং করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামিম।
এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করায় এবং সরকারিভাবে ধার্যকৃত মূল্যের অধিক মুল্যে আলু, পেঁয়াজ, ও ডিম বিক্রি করার অপরাধে বাজারের ৩ বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দুই পেয়াজ ও আলুর দোকানিকে ১৫ হাজার করে ৩০ হাজার এবং এক ডিম বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামিম বলেন, ‘ডিম ও আলুর বাজার মনিটরিং করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এসময় নবীনগর থানা পুলিশ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
-এস এ রুবেল
Posted ৯:৩৪ পিএম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya