স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:36 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা শ্মশাণঘাটের খালের উপরে থাকা ২৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া খালের কিছু অংশের ভরাট থেকে মাটি সরানো হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্রে জানা গেছে, ময়লা-আবর্জনা ও দখলের কবলে পৌর এলাকার মেড্ডা শশ্মানঘাটের খালটি ভরাট হয়ে গেছে। খালটির দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার। মেড্ডা এলাকার বাসিন্দারা খালটি উদ্ধারের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাছে আবেদন করেন। শুক্রবার সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আ. কুদদূসের নেতৃত্বে খাল পুনরুদ্ধারের কার্যক্রম শুরু হয়। এ সময় তাঁর সঙ্গে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেড্ডা এলাকার বাসিন্দা শরাফত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাটের কব্জায় ছিল। কিছু প্রভাবশালী মহল খালের পাড়ে মাটি ফেলে ভরাট করে দোকান নির্মাণ করে দখল করে রেখেছিল। তাছাড়া ময়লা-আবর্জনা ফেলার কারণ খালটি ভরাট হয়ে গেছে। খালটি উদ্ধার করা খুব দরকার। পৌরসভা দীর্ঘদিন পরে হলেও একটি কাজের কাজ করছে।’
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত বলেন, ‘মেড্ডা শশ্মান ঘাট এলাকার খালটি ভরাটসহ দখল হয়ে গিয়েছিল। শুক্রবারের অভিযানে খালের মেড্ডা শশ্মানঘাট থেকে কবরস্থান পর্যন্ত পুনরুদ্ধার করা হয়েছে। এ সময় খাল পাড় ভরাট করে নির্মাণ করা ২৩টি দোকান উচ্ছেদ করা এবং সেখান থেকে মাটি অপসারণ করা হয়েছে। শনিবারও এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।’
Posted ১০:৩৬ পিএম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya