স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:42 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ডায়াগনস্টিক সেন্টারে এক বিশেষজ্ঞ চিকিৎসকের নামে মাইকিং করিয়ে আরেক চিকিৎসকদের দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই সেই ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে যান।
তিনি গিয়ে দেখেন মাইকিং ও রোগীদের চিকিৎসায় যে প্যাড ব্যবহার হচ্ছে, সেই চিকিৎসক চেম্বারে নেই। চিকিৎসা দিচ্ছেন অন্য একজন চিকিৎসক। এই প্রতারণার সত্যতা পেয়ে তাৎক্ষনিক সেই ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদের অন্তর্গত আমতলী বাজারে পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এক ডাক্তারের নামে প্রচার প্রচারণা ও মাইকিং বিজ্ঞপ্তি চালানো হলেও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ডাক্তার দিয়ে রোগী দেখানো হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অনুসন্ধানে দেখা যায়, সুব্রত সাহার নামে এক চিকিৎসকের তৈরিকৃত প্যাডে একেকদিন একেক ডাক্তার নিজেদের পরিচয় গোপন রেখে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন। ডা. সুব্রত সাহা সর্বশেষ ১৮ আগস্ট তারিখে এই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। কিন্তু অভিযান পরিচালনাকালে দেখা যায়, ডাক্তার সুব্রত সাহার প্যাড ব্যবহার করে বিগত ২৫ আগস্ট এবং আজ পহেলা সেপ্টেম্বর ভিন্ন নামের দুজন ডাক্তার রোগী দেখছেন।
তিনি আরও জানান, নিশ্চিত হওয়ার জন্য রোগী সেজে আমি ডা. সুব্রত সাহাকে ফোন দিলে জানান, তিনি সর্বশেষ ১৮ আগস্ট তারিখের পর আর বিজয়নগর উপজেলায় রোগী দেখেননি। এতে প্রমাণিত হয় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে ডা. সুব্রত সাহা নামে মানুষের নিকট অন্যায়ভাবে উপস্থাপন করেছেন এবং তাদের প্রতারিত করেছেন।
ঘটনার সাথে জড়িত ডায়াগনস্টিক সেন্টারের মালিক জনাব মো. খুরশিদ আলম নিজের প্রতিষ্ঠানের এই অপরাধ স্বীকার করেন। এছাড়াও আজকে রোগী দেখতে উপস্থিত ডা. তপন দেবনাথকে অন্য ডাক্তারের প্যাডে রোগী দেখছেন কেন প্রশ্ন করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমনটি হবে না মর্মে লিখিতভাবে জানান।
উপস্থিত ডা. তপন দেবনাথ এর কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়েছে এবং ঘটনার সাথে জড়িত পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম, বিজয়নগর থানার এসআই জিএম কাদের এর নেতৃত্বে পুলিশ বাহিনী ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
Posted ১০:৪২ পিএম | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya