স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:20 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইদের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। নিহতের নাম জাকির হোসেন (৪৫)। এ সময় নিহতের ছেলে আল আমিনও আহত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে বিজয়নগরের হরষপুর ইউনিয়নের সোনামূড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন সোনামুড়া গ্রামের আবদুস সামাদের ছেলে।
বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ স্থানীয়দের বরাতে জানান,নিহত জাকির হোসেনের বাবার সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরে তার ছোট দুই ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেনের সাথে ঝামেলা চলছিল। এক ভাই প্রবাসে থাকার কারনে ঝামেলা শেষ হচ্ছিল না। সস্প্রতি ছোট ভাই আক্তার হোসেন দেশে আসলে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে আজ বিকেলে বড় ভাই জাকির হোসেনের সাথে আক্তার হোসেন ও তার ছোট ভাই মুক্তার হোসেন একসাথে বসেন। সম্পত্তির ব্যাপারে কোন সমাধান না হওয়ায় জাকির হোসেনের সাথে আক্তার ও মুক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আক্তার ও মুক্তার ঘর থেকে ছুরি এনে আঘাত করলে জাকির মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় জাকির হোসেনের ছেলে আল আমিনও আহত হয়।গুরুতর আহত অবস্থায় বিজয়নগরে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জাকিরের মৃত্যু হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ আরো জানান, নিহতের ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনো এ ব্যাপারে কেউ মামলা রুজু করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৯:২০ পিএম | শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya