আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 12:47 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশু কোলে নিয়ে খরমপুর কেল্লা শাহ মাজারে আসেন এক নারী। এর কিছুক্ষণ পর ওই নারী অভিযোগ তোলেন তার শিশুটি চুরি হয়ে গেছে। এই খবরে মাজার এলাকায় হুলুস্থুল কান্ড। শিশুটির সন্ধান করে মাইকিং করা হয়। অবশেষে শিশুটি মেলে আখাউড়া রেলওয়ে স্টেশনে। আটক করা হয় দুই চোরকে। পরে জানা গেল ওই নারী এবং আটক দুই চোর পূর্ব পরিচিত। মঙ্গলবার (২২ আগষ্ট) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে প্রত্যাক্ষদর্শী হাসান খলিফা জানান, আখাউড়া ঐতিহ্যবাহী খড়মপুর কেল্লা শাহ (রঃ) মাজারে আসেন এক নারী ভক্ত। মাজার এলাকায় এক ব্যক্তির সাথে ওই নারী কথা বলছিলেন। এসময় আরেক ব্যক্তি ওই নারীর সাথে থাকা শিশুটিকে মজা কিনে খাওয়াবে বলে সাথে নিয়ে উধাও হয়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুটিকে ওই নারী খুঁজে না পেয়ে কান্নাকাটি করে মাজার কমিটির কাছে অবহিত করে। মাজার কমিটি মাইকে ঘোষণা করে ৬ মাসের এক কন্যা শিশু হারিয়ে গেছে। পরবর্তীতে আখাউড়া রেলস্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয় পৌরসভার কাউন্সিলর মো. এনাম খাদেম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খড়মপুর মাজারের মাইকে ঘোষণা করা হয়, একটি শিশু হারানো গিয়েছে। তখন আমি ঘোষণা শুনে লোকজন পাঠাই শিশুটিকে খুঁজে বের করতে। রেলস্টেশনে এক ব্যক্তির কাছ থেকে শিশুটিকে করা হয়।
তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করার পর জানা গেল ওই নারী এবং আটককৃত দুই ব্যক্তির পূর্ব পরিচিত। তাদের একজনের নাম রুবেল এবং অপর জনের নাম হাসান। তারা রাজধানীর দক্ষিণ খানের বাসিন্দা। তবে তাদের দেওয়া ঠিকানা সঠিক কি না তা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, শিশুটি চুরি হয়নি। আটক দুই ব্যক্তি ওই নারীর পূর্ব পরিচিত। ওই নারী কোন অভিযোগ না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা সবাই খড়মপুর কেল্লা শাহ মাজার এলাকায় আছে। ওসি আরো বলেন, যদি কেউ অভিযোগ করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
–আশরাফুল মামুন
Posted ১২:৪৫ এএম | বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya