জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৫ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:14 pm
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গত ১৪জুন থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। স্বল্প মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেতে আগ্রহ দেখাচ্ছে সেবা গ্রহীতারা। কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে বৈকালিক এই সেবা দিতে যথাসময়ে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগী দেখার নিয়ম থাকলেও অধিকাংশ চিকিৎসক আসেন বিকেল ৪টার পর। এর ফলে দীর্ঘক্ষণ রোগীদের প্রতীক্ষার প্রহর গুণতে দেখা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ি শুক্রবার বাদে সপ্তাহের ছয়দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসকরা বৈকালিক সেবা দিবেন। রোগীদেরকে সিনিয়র কনসালটেন্ট দেখাতে ৪শ’ টাকা, জুনিয়র কনসালটেন্ট ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ৩শ’ টাকা এবং মেডিকেল অফিসার দেখাতে দুইশো টাকা ফি নির্ধারন করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষাও করা হয় নির্ধারিত ওই সময়ে।
শনিবার (২৪ জুন) সরেজমিনে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে রোগীদের অভিযোগের সত্যতা মেলে। বহি:বিভাগের দুতলায় চিকিৎসকদের চেম্বারের সামনে রোগীদের অপেক্ষা করতে দেখা গেছে। এরমধ্যে দায়িত্ব বন্টন অনুযায়ী মেডিসিন বিভাগে ডা. জুয়েল চৌধুরী, অর্থোপেডিক বিভাগে ডা. হুমায়ূন কবির রেজা, গাইনী বিভাগে ডা. শরীফ মাসুমা ইসমত, ৩য় তলায় চক্ষু বিভাগে ডা. আমীর উল্লাহ, নিচতলায় চর্ম রোগ বিভাগে ডা. জাকারিয়াকে বিকেল ৪টায়ও তাদের চেম্বারে পাওয়া যায়নি। বিকেল ৪টার পর চেম্বারে চেম্বারে আসেন মেডিসিন বিভাগে ডা. জুয়েল চৌধুরী, সোয়া ৪টায় আসেন অর্থোপেডিক বিভাগে ডা. হুমায়ূন কবির রেজা, ডা. জাকারিয়া। সাড়ে ৪টায় এসে আবার সোয়া ৫টায় চলে যান গাইনী বিভাগে ডা. শরীফ মাসুমা ইসমত।
মেডিসিন বিভাগের সামনে বসে থাকা সরাইলের শাহবাজপুরের সুমন ও ঘাটুরার টিপু জানান, আমরা বেলা ৩টা থেকে চিকিৎসকের চেম্বারে বসে আছি। এখন বিকেল ৪টা বাজে কিন্তু চিকিৎসক চেম্বারে আসেননি।
অর্থোপেডিক বিভাগের সামনে বসে থাকা আলম মিয়া বলেন, কিছুদিন আগে আমার হাত ভেঙে গেছে। শুনেছি বিকালে সরকারি হাসপাতালে চিকিৎসক বসে। এক ঘন্টা ধরে অর্থোপেডিক চিকিৎসক হুমায়ূন কবির রেজার চেম্বারের সামনে বসে আছি। অহিদ মিয়া নামের আরেকজন জানান, দীর্ঘ এক ঘন্টা অর্থোপেডিক ডাক্তারের চেম্বারের সামনে বসে ছিলাম। তিনি আসলেন বিকেল সোয়া ৪টার দিকে।
এ বিষয়ে জানতে অর্থোপেডিক চিকিৎসক হুমায়ূন কবির রেজার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
চর্মরোগ বিভাগের চিকিৎসক মো. জাকারিয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চেম্বরে ছিলাম না তা সত্য। কোন রোগী আসলে আমাকে কল দেয়, তখন আমি আসি।’
এ বিষয়ে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ‘বৈকালিক চিকিৎসকরা যেন নিয়মানুযায়ী চেম্বারে আসেন, আমি তাদের বলবো। এই বিষয়ে অচিরেই মিটিং করা হবে।’
Posted ৯:১৪ পিএম | রবিবার, ২৫ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya