স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১১ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 6:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরে কোন কারণ ছাড়াই শ্রমিককে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। রোববার (১১ জুন) দুপুর থেকে এ কর্মবিরতি শুরু করছেন তারা।
শ্রমিকদের এই ধর্মঘটে আশুগঞ্জ নদী বন্দরে আটকা পড়েছে বিভিন্ন পণ্য নিয়ে আসা অর্ধশতাধিক মালবাহী কার্গো জাহাজ। এসব কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। কাজ বন্ধ রেখেছেন এই বন্দরে অন্তত ৫ হাজার শ্রমিক।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার জানান, শনিবার আশুগঞ্জ নৌবন্দরে তদারকি করতে কার্গো জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নেতারা আসেন। এ সময় তীরে নোঙরে থাকা এমভি শাহানায়া শেখসহ মোট ১৮টি জাহাজের শ্রমিকদের মালিক পক্ষের লোকজন কোনো কারণ ছাড়াই মারধর করেন। শ্রমিকদের মারধরের প্রতিবাদে আলোচনা করার পর আজ রোববার থেকেই আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছি।
তিনি বলেন, আমাদের শ্রমিকদের মারধরের সুষ্ঠু বিচার না হলে আমরা কাজে যোগ দেব না। আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কো কনভেনার নাজমুল হোসাইন হামদু জানান, কোন প্রকার নিয়ম না মেনে সিরিয়াল না নিয়ে বিভিন্ন পণ্য নিয়ে জাহাজগুলো আশুগঞ্জ বন্দরে আসে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের পক্ষ থেকে আশুগঞ্জ ও ভৈরব নদী বন্দরে জাহাজে তদারকি করা হচ্ছিল। এ সময় জাহাজে থাকা শ্রমিকদের কাগজপত্র দেখাতে বলা হয়। তখন তারা কাগজপত্র দেখাননি। সিরিয়ালের কাগজপত্র দেখাতে না পারায় এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তাদের কাউকে মারধর করা হয়। তাদের অভিযোগ সত্য নয় বলেন জানান তিনি।
উল্লেখ, আশুগঞ্জ নদী বন্দরে নৌপথে সার, রড, সিমেন্ট, ধান, চাল, পাথর, কয়লাসহ কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন অর্ধশত জাহাজ নোঙর করে। এ সব পণ্য আশুগঞ্জ থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জের চাহিদা মিটিয়ে থাকে।
Posted ১১:১৩ পিএম | রবিবার, ১১ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya