শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্প

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৭ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:51 pm

ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্প

ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্পের কাজ। প্রকল্পের ব্যয় ও ২ বছর সময় বাড়িয়েও নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। তবে ইতিমধ্যে এই সড়কের মেঘনা ও পাগলা নদীর উপর ২টি সেতুসহ মোট ৯টি সেতুর কাজ শেষ হয়েছে।

এদিকে, সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পের কাজ শেষ করতে মন্ত্রণালয়ে দ্বিতীয় দফায় আবারও এক বছর সময় বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে।

কিন্তু এক বছর বাড়ানো সময়ের মধ্যেও নির্মাণ কাজ শেষ করার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সড়ক ও জনপদ বিভাগ বলছে, কমপক্ষে ৭-৮ মাস সময় লাগতে পারে। গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা, তিতাস আর পাগলা নদীর পাড়ের বিচ্ছিন্ন জনপদ জেলার নবীনগর উপজেলা। এই উপজেলার সঙ্গে সড়ক পথে জেলা সদর এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের যাতায়াতের দুর্ভোগ লাঘবে আশুগঞ্জ-নবীনগর সড়ক নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এই প্রকল্পটি ২০১৭ সালে একনেকে অনুমোদন পায়। পরে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে প্রায় ৪২১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২০ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণ কাজ ২০২১ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু অনুমোদিত প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ না থাকায় এর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে দুই বছর সময় বাড়ানোসহ প্রকল্প ব্যয় ১৮৫ কোটি বাড়িয়ে মোট প্রায় ৬০৫ কোটি টাকার একটি নতুন সংশোধিত প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায় ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিকল্পনা মন্ত্রণালয় সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেয়।

নবীনগরের বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  জহির রায়হান বলেন, জেলা সদরের সঙ্গে নবীনগর উপজেলার সরাসরি কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। ফলে নবীনগর এখনও একটি বিচ্ছিন্ন জনপদ। এই উপজেলা থেকে রাজধানী বা অন্য কোনো শহরে যেতে হলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা অথবা পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলা ঘুরে নারায়ণগঞ্জের ভূলতা-ধনবাড়িয়া আসতে হয়। এতে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কবির আহমেদ বলেন, নবীনগর-আশুগঞ্জ সড়ক চালু হলে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়ক পথে নবীনগর থেকে সরাসরি চলাচল করা যাবে। সড়ক যোগাযোগ না থাকায় সন্ধ্যার পর ঢাকা থেকে ভৈরব কিংবা আশুগঞ্জে আসলে আর নবীনগর যাওয়া যায় না। আমরা বিচ্ছিন্ন জনপদে বসবাস করি, নৌকায় পারাপার আমাদের ভরসা। এই সড়কটি জন্য আমরা অনেক পিছিয়ে আছি।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে সড়ক নির্মাণ কাজ যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ দুই বছর বৃদ্ধি ও ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দসহ মোট ৬০৬ কোটি টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের প্রায় ৪৫% ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতে আরও ৭-৮ মাস লাগতে পারে। আগামী শুকনো মৌসুমে সড়কটির কাজ পুরোদমে শুরু করা সম্ভব হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. রহুল আমিন বলেন, আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণে জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে। জমির মালিকদের নোটিশ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মৌজা অনুযায়ী জমির মূল্য নির্ধারণ করে যত দ্রুত সম্ভব ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৫১ পিএম | শনিবার, ২৭ মে ২০২৩

The Daily Sarod |