জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 9:19 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম মিয়া (৩০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহত ইকরামের বাবা মাসুদ মিয়া বাদি হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে ঘাতক রায়হানকে। রায়হান (২২) ঢাকার বংশালের সিদ্দিক বাজার এলাকার জিয়াউল করিম জিয়ার ছেলে।
এরআগে, মোটরসাইকেলের চাবি নিয়ে বাকবিতণ্ডার জেরে রায়হান ছুরিকাঘাত করে হত্যা করে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম মিয়াকে। বুধবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শহরের মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, এই ঘটনায় ইকরামের বাবা গ্রেপ্তারকৃত রায়হানকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের পর পরই রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছুরিকাঘাতে ইকরামকে হত্যা করার কথা স্বীকার করে। এই ঘটনায় রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ইকরাম মিয়া শহরের মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় আসা যাওয়া ছিল। সেখানে রিমোর মামাতো ভাই রায়হান থাকতেন। রায়হান ব্রাহ্মণবাড়িয়ায় রিমোর দোকানে সেলসম্যানের কাজ করে। সে মাদকাসক্ত। রিমোর এক মামার মোটরসাইকেল রায়হান ও ইকরাম মাঝেমাঝে চালাতেন। বুধবার সন্ধ্যায় ইকরাম সেখানে গেলে মোটরসাইকেলের চাবি নিয়ে রায়হানের সাথে তার বাকবিতণ্ডা হয়৷ এরই জেরে রায়হান ছুরিকাঘাত করে ইকরামকে। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Posted ২:৪৫ পিএম | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya