জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৯ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 7:49 pm
ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের সামনে থেকে আসামীদের অপহরণ করার অভিযোগ উঠেছে বাদি পক্ষের বিরুদ্ধে। অপহৃত হওয়া তিন যুবককে ৯৯৯’ এর মাধ্যমে কল পেয়ে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ গিয়ে অপহৃত তিন যুবকে উদ্ধারের পাশাপাশি এক অপহরণকারীকে গ্রেপ্তার করে।এ সময় যুবকদের কাছ থেকে নেয়া ৫০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
অপহৃতরা তিন যুবক হলেন, জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের জাহের মিয়ার ছেলে সোহাগ মিয়া-(৩০), একই গ্রামের নেসার উদ্দিনের ছেলে হিমেল মিয়া-(১৯) ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে মুন্না মিয়া-(৩৫)।
পুলিশ লাল মিয়া-(২৯) নামের এক অপহরণকারিকে গ্রেপ্তার করতে পারলেও অন্যান্য অপহরণকারীরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত লাল মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
এই ঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার (১৯ মে) বিকেলে গ্রেপ্তারকৃত লাল মিয়াকে আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, কসবা উপজেলার লাল মিয়ার সাথে সোহাগ মিয়া, হিমেল মিয়া ও মুন্না মিয়ার বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে লাল মিয়ার সাথে কয়েকদিন আগে তাদের ঝগড়া হয়। এ ঘটনায় লাল মিয়া তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ওই মামলায় সোহাগ মিয়া, হিমেল মিয়া ও মুন্না মিয়া আত্মসমর্পন করতে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে আসেন। আদালত তারা হাজির হলে তাদেরকে জামিন দেওয়া হয়। জামিন পেয়ে তারা আদালত চত্বর থেকে বের হওয়ার সময় সামনের রাস্তা থেকে মামলার বাদি লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের তার ভগ্নিপতি ও খালাতো ভাই সাহস মিয়াসহ ৬/৭ জন যুবক তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে তাদের মোটর সাইকেলে তুলে নেয়। পরে তাদেরকে প্রথমে শহরের ওয়াপদার ভেতরে ও পরে ভাদুঘর রেললাইনের পাশে বাঁশ ঝাড়ের নিচে নিয়ে বেধরক মারধোর করে। পরে লাল মিয়া ও সাহস মিয়া তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাদেরকে ট্রেনের নীচে ফেলে মেরে ফেলার হুমকি দেয়।
তিনি জানান, তিন যুবক তাদের স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা লাল মিয়ার বিকাশ নম্বরে এনে দেয়। পরে সুযোগ বুঝে অপহৃত যুবকদের একজন জরুরি সেবা সার্ভিস ৯৯৯ কল করে পুলিশের সহায়তা চাইলে বিকেল সাড়ে ৪ টার সময় পুলিশ ভাদুঘর এলাকার রেললাইনের পাশ থেকে তিন যুবককে উদ্ধার ও অপরহনকারী লাল মিয়াকে গ্রেপ্তার করে। পরে লাল মিয়ার কাছ থেকে বিকাশের মাধমে নেয়া ৫০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জরুরি সেবা সার্ভিস ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা তিন যুবককে উদ্ধার করি ও অপহরণকারী লাল মিয়াকে গ্রেপ্তার করি। এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা বাকীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। শুক্রবার গ্রেপ্তারকৃত লাল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:৩৯ পিএম | শুক্রবার, ১৯ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya