জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৮ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 10:20 pm
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলাশয় বালু ফেলে ভরাটের অভিযোগে একটি ভেকুসহ বালু জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (০৮ মে) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড় হরন লেবেল ক্রসিং এলাকায় রেলের জলাশয় বালু ফেলে একটি প্রভাবশালী মহল গত কয়েকদিন ধরে ভরাট করে আসছেন। স্থানীয়রা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। সোমবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় রেলের জলাশয় ভরাটের অভিযোগে ভেকুসহ বালু জব্দ করা হয়।
জব্দকৃত বালু আগামী চার কার্যদিবসের মধ্যে উন্মুক্ত নিলাম ডেকে বিক্রির জন্য নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমকে নির্দেশ করেন। 
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন বলেন,পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বড় হরণ রেলগেট সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন একটি জলাধার রাতের বেলা ভরাট করে ফেলেছে একটি চক্র। অভিযান পরিচালনার সময় কাউকে পাওয়া না যায়নি। একটি ভেকু মেশিন ও ভরাট করা বালু জব্দ করা হয়। স্থানীয় নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলমের জিম্মায় রাখা হয়। আগামী চার কার্যদিবসের মধ্যে উক্ত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করে জলাধারটিকে পূর্বের অবস্থায় ফেরত নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, এরআগেও একই স্থানে বালু ফেলে জলাশয় ভরাটের অভিযোগে গত ১৯ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে খননযন্ত্র জব্দসহ এক লাখ টাকা করিমানা করা হয়েছে। তবে পরিবেশ আইনে চিহ্নিত জলাধার কোনোভাবেই ভরাট করার সুযোগ নেই।
Posted ১০:২০ পিএম | সোমবার, ০৮ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya