প্রিন্ট
বুধবার, ১২ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 8:35 pm
স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া গড়তে আপনিও দিতে পারেন নানান প্রস্তাবনা। আপনার এই প্রস্তাবনা যাচাই বাছাই করে দেওয়া হবে পুরস্কার ও সম্মাননা। আজ বুধবার (১২ এপ্রিল) স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে এক কর্মশালায় জেলা প্রশাসক এই ঘোষণা দেন।
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আওতায় বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালার প্রথম অধিবেশনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বক্তব্য রাখেন। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, গণমাধ্যম ও এনজিওকর্মীরা অংশ নেন। দুপুরে স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের ১১টি দলে বিভক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জিয়াউল হক মীর। দলগুলো হল স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট, স্মার্ট পাবলিক সার্ভিস, স্মার্ট ল এন্ড অর্ডার, স্মার্ট এজুকেশন, স্মার্ট সোশাল সার্ভিস, স্মার্ট সিটি এন্ড ভিলেজ, স্মার্ট এগ্রিকালচার,স্মার্ট হেলথ, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটি ও স্মার্ট এনভায়রনমেন্ট। বেলা পৌনে দুইটার দিকে দলগুলো স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে নিজ নিজ দলের স্বপক্ষে প্রস্তাবনা তুলে ধরেন।
কর্মশালা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জিয়াউল হক মীর।
কর্মশালায় সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মানে আমরা আপনাদের প্রস্তাবনায় অভিভূত হয়েছি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া গড়তে বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত এবং প্রস্তাবনা নেওয়া হবে। এরমধ্য থেকে বাছাই করার প্রস্তাবনাকে পুরস্কৃত করা হবে।
এই বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর জানান, স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মানে সর্বস্তরের মানুষের কাছ থেকে নতুন নতুন প্রস্তাবনা দেওয়া হবে। আমরা গণমাধ্যম সহ নানান ভাবে এই বিষয়ে প্রচারণা শুরু করবো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ইমেইল ও ডাক যোগে প্রস্তাবনা নেওয়া হবে। ictsectionbb@gmail.com ঠিকানায় প্রস্তাবনা পাঠাবে। এরমধ্য থেকে বাছাইকৃতদের পুরস্কৃত করা হবে।
Posted ৮:৩৫ পিএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya