জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 8:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষক সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারায় বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি এই ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নিদের্শ দিয়েছেন। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ নির্দেশ দেন।
বেতন স্থগিতের নির্দেশ দেওয়া ওই বিদ্যালয়ে শরীর চর্চা শিক্ষক হচ্ছেন মো. সোহরাব হোসেন। এসময় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর চিঠি দিতে ইউএনওকে নির্দেশ দেন।
জানা গেছে, জেলা প্রশাসক মো. শাহগীর আলম মঙ্গলবার সকাল বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি শরীর চর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন। কিন্তু সম্পূর্ণ সঙ্গীত গাইতে পারেননি শিক্ষক সোহরাব৷ এই ঘটনায় জেলা প্রশাসক শরীর চর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।
এ ব্যপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন বলেন, ডিসি স্যার যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন বিষয়টি আমি জানি না। স্যার তো শোকজ করতেই পারেন।
জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিসি স্যার মোগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজ খবর নেন। এসময় ওই বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো সোহরাব হোসেন জাতীয় সঙ্গীত গাইতে পারেননি। এ কারণে তার বেতন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেন।
এই বিষয়ে জানতে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
Posted ৮:৪৪ পিএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya