জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৬ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 8:54 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিল ইজারা নিয়ে শুকনো মৌসুমে এর মাটি ইটভাটায় সরবরাহ করার অভিযোগে ইজারাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার চামাউড়া বিলে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় সরকারি চামাউড়া বিল (জলাশয়) মাছ চাষের জন্যে জোনাকি মৎসজীবি সমিতির নামে ইজারা প্রদান করে প্রশাসন। শুকনো মৌসুমে এই বিলের জমিতে কৃষি কাজ করা হয়৷ কিন্তু সমিতির সভাপতি মাসুদ হায়দার এক আওয়ামী লীগের নেতার আত্মীয় পরিচয়ে ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন যাবত বিলের মাটি অবৈধ ভাবে শুকনো মৌসুমে ইটভাটায় সরবরাহ করে আসছিল। এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, সরকারি জলাশয় থেকে জোর করে জমির টপসয়েল কর্তন করে ইট প্রস্তুতের জন্য রাইফা ও আশরাফ নামে দুটি ইটভাটার নিয়ে যাচ্ছিল। অভিযানকালে জলাশয়ের ইজারাদার সদর উপজেলার আহরন্দ গ্রামের আবু নাসেরের ছেলে মাসুদ হায়দারকে আটক করা হয়। ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘন করে কৃষি জমির টপ সয়েল কর্তনের দায়ে ১৫ ধারায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে কৃষি জমির টপসয়েল কর্তন করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। অভিযানে আটককৃত ভেকু ঘাটিয়ারা ইউনিয়ন ভূমি অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
Posted ৮:৫৪ পিএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya