জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১০ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 10:57 pm
বিধিনিষেধ অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি জমি থেকে দেদারসে মাটি উত্তোলন করে ইটভাটায় নিয়ে পুড়ানো হচ্ছে। ফলে উর্বরতা হারিয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে ফসলি জমি। দিনের পর দিন ৭জনের একটি মাটি খেকু একটি সিন্ডিকেট এসব মাটি ইটভাটায় চুক্তিতে দিচ্ছে। তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। আর স্থানীয় সংসদ সদস্য কৃষি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন।
সরেজমিনে উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর গ্রামে দিয়ে দেখা যায়, কুড়িঘর-ব্রাহ্মণবাড়িয়া নবনির্মিত সড়ক দিয়ে সারিবদ্ধ ভাবে জমির মাটি নিয়ে যাচ্ছে ট্রাক্টর। ট্রাক্টর গুলো যাওয়া আসার ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশে থাকা কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টরে নিয়ে যাওয়া হচ্ছে আশাপাশের অন্তত ৬টি ইট ভাটায়। প্রতিটি জমি থেকে ৩ থেকে ৫ফিট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশ্যেই শত শত একর কৃষি জমি থেকে মাটি দিয়ে ইট তৈরি করে পুড়ানো হচ্ছে। ইটভাটা গুলো হচ্ছে-সালাম, সুমন, জাহান, মক্কা, প্রভাতি ও তিতাস। আর এসব ইটভাটায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিচ্ছেন ৭জনের সিন্ডিকেট। ইটভাটা আইন অমান্য করে আএর নেতৃত্বে রয়েছেন জেলা শহরের পৈরতলায় হাসান, আনিস, কুড়িঘরের শাহ আলম, নাটঘরের খড়িয়ালা হাকিম, মোবারক, সৈয়দ, মজিদ।
জমিতে বেকু দিয়ে মাটি উত্তোলনের সময় দুজন ট্রাক্টর চালক জানান, আমরা মাটি নিচ্ছি প্রতিদিন ৮০০টাকা বেতনে। মাটি জমির মালিক থেকে কিনে মক্কা ও তিতাস নামের দুটি ইটভাটায় বিক্রয় করছে মজিদ-শাহ আলম।
আলফাজ নামের এক ট্রাক্টর চালক জানান, আমরা শুধু মাটি পরিবহন করছি। কৃষি জমি থেকে মাটি কিনছে হাসান।
অভিযুক্ত মজিদ নামে ইটভাটায় মাটি সরবরাহকারি বলেন, মাটি তো অনেকেই কাটতেছে। তাতে তো কোন সমস্যা নাই। আমরা মাটি কিনেছি জমির মালিক থেকে।
হাসান নামের কৃষি জমি থেকে ইটভাটায় আরেক মাটি সরবরাহকারি বলেন, আমিও কিছু কেটেছি। সবাই অনেকেই তো ইটভাটায় মাটি দিচ্ছে।
ইট ভাটার মালিক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান বলেন, আমরা ইটভাটায় মাটি দিতে একজনকে কন্ট্রাক্ট দিয়েছি। সে মাটি দিচ্ছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, বিষয়টি আমি অবগত নয়। দ্রুত ব্যবস্থা নিতে এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া দিচ্ছি।
আজ শুক্রবার এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনের এমপি এবাদুল করিম বলেন, মাটি কেটে টপ সয়েল নিয়ে যাওয়া হচ্ছে। এটা অত্যন্ত ভয়ংকর কাজ। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন থেকে অভিযান পরিচালনা করে ৭/৮টি বেকু জব্দ করা হয়েছে। এই বিষয়ে সামাজিক আন্দোলন করা উচিৎ। কারণ পুলিশ এবং প্রশাসন একা ম্যানেজ করা কঠিন। পুরো উপজেলাতেই জমির উপরিভাগ মাটি ইট তৈরি করতে নিয়ে যাচ্ছে। যদি এমনটি হয়, তাহলে মাটি ভবিষ্যতে মাটি খুঁজে পাওয়া যাবে না।
Posted ১০:৪৩ পিএম | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya