স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 10:52 pm
ব্রাহ্মণবাড়িয়া আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির নেতারা৷ সোমবার (১৩ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের বিশেষ সাধারণ সভা শেষে এই ঘোষণা দেন আইনজীবী নেতারা। তবে তারা নারী-শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে শুনানিতে অংশগ্রহণ করবেন না। এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বিশেষ বৈঠকের পর আদালতে যাওয়ার কথা সাংবাদিকদের কাছে জানিয়ে ছিলেন আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও আইন সচিব গোলাম সারওয়ার।
আইনজীবী সমিতির নেতারা জানান, আগামীকাল থেকে সকল আইনজীবীগণ আদালতে শুনানিতে অংশগ্রহণ করবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী-শিশু ট্রাইব্যুনাল -১ আদালতের বিচারক ছুটিতে গেছেন। সেই আদালতের সকল মামলা নারী-শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শুনানি করবেন। তাই আইনজীবীরা সকল আদালতের বিচার কাজে শুনানিতে অংশগ্রহণ করবেন।
ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আইনজীবীদের। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন। এছাড়া বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।
এ অবস্থায় জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে ৫ জানুয়ারি থেকে পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। পরবর্তীতে দফায় দফায় ৭ কর্মদিবস আদালত বর্জনের কর্মসূচি পালন করেন আইনজীবীরা।
বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ আইনজীবীকে দুদফায় তলব করেছেন উচ্চ আদালত।
পরবর্তীতে তাদের দাবি আদায় না হওয়ায় গত ৮ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা।
Posted ১০:৫২ পিএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya