স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 8:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি হত্যা মামলায় মত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী জাকির খাঁ (৪৫) কে আটক করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আখাউড়া থানার পুলিশ শনিবার ভোরে (০৪ ফেব্রুয়ারী) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জাকির খাঁ উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আমানত খাঁর ছেলে। সে স্থানীয় শরীফ খাঁ হত্যা মামলায় প্রায় ৮ বছর ধরে পলাতক ছিল।
পুলিশ জানায়, ২০১৫ সালের ৬ আগস্ট উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ (৫০)। এ ঘটনায় নিহতের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে একই বংশের পরিবারের ৪জন সহ ৫জনকে আসামী করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আমানত খাঁ ও তার তিন ছেলে জাকির খাঁ, গাজি খাঁ, মাহবুব খাঁ এবং আমান খাঁর ভাতিজা আমীর খাঁর নাম উল্লেখ করা হয়। মামলা হওয়ার পর থেকেই জাকির খাঁ ও তার দুই ভাই পলাতক ছিল।
এই মামলায় ২০২২ সনের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত এই হত্যা মামলায় জাকির খাঁ সহ তার দুই ভাইয়ের মৃত্যুদন্ড এবং তাদের পিতা আমানত খাঁর যাবজ্জীবন সাজা হয়। আমানত খাঁ বর্তমান কুমিল্লা কারাগারে সাজা ভোগ করছেন। এই মামলার আরেক আসামী আমির খাঁ ২০১৮ সালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে নিহত শরীফ খাঁর ছেলে মো. রাসেল খাঁ বলেন, আসামী আটক হওয়ায় আমরা খুশি। এজন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের কাছে আবেদন দ্রুত যেন আমার পিতার হত্যাকারীদর বিচারর রায় কার্যকর করা হয়। তাহলেই আমরা শান্তি পাবো।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ৮ বছর পলাতক থাকা অবস্থায় জাকির খাঁ’কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। সে ছদ্মবেশে বিভিন্ন স্থানে অটোরিকশা চালাতো। শনিবার দুপুর তাকে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর দুই আসামী পলাতক রয়েছে।
Posted ৮:৪৯ পিএম | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya