স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 9:18 pm
আগামী ২৪ জানুয়ারির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আদালতের দুই বিচারককে বদলীর আলটিমেটাম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। না করা হলে আবারও লাগাদার আদালত বর্জনের হুমকি দিয়েছেন তারা। আজ শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা দেন আইনজীবী সমিতির নেতারা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, বৃহস্পতিবার রাতে মাননীয় আইনমন্ত্রী সাথে ব্রাহ্মণবাড়িয়া আদালতের আইনজীবী সমিতির নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। রাজধানী আইনমন্ত্রীর বাসভবনে আলোচনার পর আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) আদালতে শুনানিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে আমরা তখন জানিয়েছি, জেলা দায়রা ও জজ আদালতের বিচারক এবং নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের বদলির আগ পর্যন্ত এই দুই আদালত বর্জন অব্যাহত থাকবে। আজ শনিবার জেলা আইনজীবী সমিতিতে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৪ জানুয়ারির মধ্যে অভিযুক্ত দুই বিচারককে বদলী না করা হলে আমরা লাগাদার আদালত বর্জনের কর্মসূচিতে যাব।
আদালতের একাধিক সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে নারী-শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের সাথে বিতন্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। পরবর্তীতে জেলা জজ, নারী-শিশু আদালতের বিচারকের অপসারণ ও জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি। এরপর সেই কর্মসূচি বেড়ে ১২ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেন। ১২ জানুয়ারি কর্মসূচির শেষ দিনে সেই কর্মসূচি ১৭ জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়। এর প্রেক্ষিতে আইনমন্ত্রীর সাথে আলোচনার পর দুই বিচারকের বাদে আদালতে শুনানিতে অংশগ্রহণের কথা জানায় আইনজীবী নেতারা।
এদিকে, বিচারকের সাথে আইনজীবী সমিতির সভাপতি সহ তিন আইনজীবী অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ১৭ জানুয়ারি জেলা আইনজীবী সমিতি সভাপতি সহ ৩ আইনজীবীকে সমন ও শোকজ করেছে। এছাড়াও, আন্দোলন চলাকালে জেলা জজের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ায় গতকাল বুধবার (১১ জানুয়ারি) হাইকোর্টে ২১জন আইনজীবীকে আগামী ২৩ জানুয়ারি তলব করা হয়েছে।
Posted ৯:১৮ পিএম | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya