জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 10:43 pm
আবারও সময় বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি। দুই বিচারককে অপসারণ ও জেলা জজ আদালতের নাজির মুমিনুল ইসলামের বিচারের দাবি আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল। তিনি বলেন, আমাদের দাবি এখনো মেনে নেওয়া হয়নি। আজ ১২ জানুয়ারি পর্যন্ত আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির সময় শেষ হয়েছে। তাই আমরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি বাড়িয়েছি। আগামীকাল শুক্রবার আদালত ও পরদিন শনিবার আদালত বন্ধ থাকে। রবিবার ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত আগামী ৩ কার্যদিবস আমরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। যদি দাবি মেনে নেওয়া না হয়, এই কর্মসূচি আরও বাড়বে। তিনি বলেন, আজ রাত ৯টায় আইনমন্ত্রী মহোদয় আমাদের ডেকেছেন। আমরা সেখানে বিস্তারিত তুলে ধরবো।
এর আগে, গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি আদালত বর্জনের ডাক দেয় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির। এরপর সেই কর্মসূচি বাড়ি বৃহস্পতিবার ১২ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবী নেতারা।
আদালতের একাধিক সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে নারী-শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের সাথে বিতন্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। পরবর্তীতে জেলা জজ, নারী-শিশু আদালতের বিচারকের অপসারণ ও জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি। এদিকে, বিচারকের সাথে আইনজীবী সমিতির সভাপতি সহ তিন আইনজীবী অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ১৭ জানুয়ারি জেলা আইনজীবী সমিতি সভাপতি সহ ৩ আইনজীবীকে সমন ও শোকজ করেছে। এছাড়াও, আন্দোলন চলাকালে জেলা জজের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ায় গতকাল বুধবার (১১ জানুয়ারি) হাইকোর্টে ২১জন আইনজীবীকে আগামী ২৩ জানুয়ারি তলব করা হয়েছে।
Posted ১০:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya