জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 10:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার আদালতে সম্প্রতি আইনজীবী ও বিচার বিভাগের মধ্যে অস্থিরতা চলছে। আইনজীবীদের অভিযোগ, মামলা দায়েরকে কেন্দ্র করে বিচারকের সাথে বাকবিতণ্ডায় এই অস্থিরতা তৈরি হয়েছে। তারা জেলা জজ সহ দুই বিচারকের অপসারণ দাবি করেন। পাশাপাশি জেলা জজ আদালতের নাজির মুমিনুল ইসলাম একজন দুর্নীতিবাজ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে তার বিচার দাবি করেন। এসব দাবিতে গতকাল বৃহস্পতিবার ৫ জানুয়ারি থেকে আগামী ৯ জানুয়ারি সোমবার পর্যন্ত আদালত বর্জনের ডাক দিয়েছেন তারা।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞাসহ কয়েকজন আইনজীবীর অসৌজন্যমূলক আচারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় হাইকোর্টে তলব করা হয়েছে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) আক্কাস আলী ও আইনজীবী জুবায়ের আহমেদকে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা কারণ দর্শানো হয়েছে।
এসব ঘটনার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সদস্যরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন আঙ্গিকে প্রতিবাদ জানাচ্ছেন। জেলার সকল আইনজীবীরা তাদের ফেসবুক প্রোফাইলে ‘উদীয়মান সূর্য ‘ এর ছবি দিচ্ছেন।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সদস্য আব্দুল জব্বার মামুন বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতে দীর্ঘদিন যাবত একটি চক্র কোর্ট ফি জালিয়াতি করে আসছে। বাংলাদেশের মহামান্য প্রধান বিচারপতি জানিয়েছেন, জাল কোর্ট ফি’র কারণে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। আর ব্রাহ্মণবাড়িয়ায় জাল কোর্ট ফির মূলহোতা আদালতের নাজির মুমিনুল ইসলাম। আমরা তার বিচার দাবি করেছি। বিষয়টি নিয়ে বর্তমান আইনজীবী সমিতি গত ১০ মাস যাবত উচ্চপদস্থ সকল দপ্তরে জানিয়েছে। অবশেষে জেলা জজকে বিষয়টি জানালে এরপর থেকেই মূলত পরিস্থিতি অবনতি শুরু হয়। এরপর আদালত চত্ত্বরে একটি রেইনশেড তৈরির সময় বাধা প্রদান করলে তা প্রকাশ প্রায়। সর্বশেষ একটা মামলা দায়েরকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অবনতি হয়। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়া আদালত থেকে দুর্নীতিবাজ চক্র বিদায় হয়ে নতুন দিন শুরু হবে। সেই প্রত্যাশায় আইনজীবীরা সবাই ফেসবুক প্রোফাইলে উদীয়মান সূর্যের ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
আইনজীবী সমিতির আরেক সদস্য আশরাফুল ইসলাম খান (চমন) বলেন, আমাদের দাবি শতভাগ যৌক্তিক। সকল দুর্ণীতিবাজকে ব্রাহ্মণবাড়িয়া আদালত থেকে অপসারণ সহ বিচার করা হোক। আমরা আমাদের আন্দোলনে সফল হবো। আবারও নব উদ্যমে আদালতে কাজ শুরু করবো। তাই প্রোফাইল ছবি উদীয়মান সূর্য দিয়েছি আমরা।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, আমরা যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন করছি, সফলতা অবশ্যই আসবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সঠিক আছি, কোন ষড়যন্ত্রই আমাদের দমাতে পাড়বে না। আমরা নিজেদের আলোকিত মনে করছি, আমরা কোন ভূল পথে যায়নি, ইনশাআল্লাহ আলো আসবেই।
Posted ১০:২১ পিএম | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya