জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 11:13 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দেওয়ার কথা দিয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ’র ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এই কথা দেন।
আইনমন্ত্রী আনিসুল হক এমপি তার বক্তব্যে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আমি কথা দিচ্ছি, তোমরা যদি ঠিক মতো পড়াশোনা করো, আমি তোমাদেরকে চাকরি দিব। আমাকে কথা দিতে হবে, তোমরা ঠিক মতো পড়াশোনা করবা এবং ঠিক মতো সংগঠন করবা। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করতে তোমরা চেষ্টা করবা।
তিনি বলেন, আপনারা বঙ্গবন্ধুর আদর্শে চালিকা করার চালিকা শক্তি। কসবা-আখাউড়ার ছাত্রলীগের ভাইদের বলবো, আপনারা এখন বঙ্গবন্ধুর আদর্শকে আরও সুদৃঢ় ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যে কাজ করে যান। আপনারা জানেন, গত ৯ বছরে কসবা-আখাউড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আপনারা যদি একটি নির্বাচনী এলাকা দেখায়ে পারেন, যেখানে ২২০০-২৩০০ লোকের চাকুরী হয়েছে, আমি আপনাদের পুরস্কৃত করবো। এসব উন্নয়নের কথা জনগনের কাছে পৌছাতে। জনগণের পাশে থাকতে হবে।
তিনি আরও বলেন, যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা আওয়ামী লীগের কাজ কর্মের সারাজীবন নিন্দা করে যায়, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ১৮জন সদস্যকে হত্যার পেছনে ছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই। আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, যেন সেই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের তাদের স্থান না করতে পারে।
আইনমন্ত্রী ছাত্রলীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার কথা উল্লেখ করে বলেন, জনগণকে কেউ ভুল বুঝাতে না পারে, বিভ্রান্ত না করতে পারে, জনগণকে যেন কেউ বিপথে না নিতে পারে। এই ব্যাপারে আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন। মনে রাখবেন আজকের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আজকের বাংলাদেশ হচ্ছে শেখ হাসিনা যেটা বলেছিল, আমি বাংলাদেশের জনগণের পয়সায় পদ্মা সেতু করবো, তিনি সেই পদ্মা সেতু করেছেন। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি মেট্রোরেল করবো, মেট্রোরেল করেছেন। বলেছিলেন টানেল করবো, তিনি তা করেছেন। সারা বিশ্বে বাংলাদেশ আজ এসব কারণে রোল মডেল। বাংলাদেশ আজ গরীব দেশ থেকে মধ্যম আয়ের দেশে, উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আজকে আপনাদের মনোবল শক্ত থাকা উচিৎ।
উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌরমেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, মহিলা সদস্য রুমানুল ফেরদৌসী প্রমুখ। এসময় দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Posted ১১:১৩ পিএম | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya