স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 10:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের চারদিন পর বৃহস্পতিবার ইজিবাইকের শিশু চালক মো. ইমন মিয়ার (১২) হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ইমন তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির মো. নাসির মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মৈশাইর গ্রামের নাসির মিয়ার শিশু ছেলে ইমন গত এক বছর ধরে ভাড়ায় ব্যাটারি চালিত ইজিবাইক চালাতো। গত রবিবার বিকালে ইমন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজতে থাকেন।
এ ঘটনায় গত সোমবার ইমনের পিতা নাসির মিয়া আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন উপজেলার আন্দিদিল গ্রামের একটি ডোবায় একটি লাশ ভাসতে দেখে ইমনের পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি ইমনের বলে সনাক্ত করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ইমনের বাবা নাসির মিয়া অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিবেন। তিনি ছেলের হত্যাকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:১২ পিএম | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya