স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:16 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়েবাড়িতে গেইট বানানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, দোকানপাট, ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পুলিশের দায়ের করা মামলায় ৭৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সামিউল আলম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বিয়ে বাড়ির গেইটের ডিজাইনকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট দৌলতপুর ও সীতারামপুর গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।এই সংঘর্ষে অনেক দোকানপাট-বাড়িঘরে লুটপাট চালানো হয়। আহত হয় অসংখ্য মানুষ। ওই ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান বাদী হয়ে উভয় পক্ষের ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, মামলার ১০৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালতের শুনানিতে ২৭ জনের জামিন মঞ্জুর করে বাকি ৭৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Posted ৯:১৬ পিএম | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya