জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০১ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 8:23 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শরীফপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকার পরও গ্রেফতার না করার অভিযোগ উঠেছে। গত ৩০ আগস্ট প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের কবর বিনাশের চেষ্টার অভিযোগে তার ছেলে সাইফুল ইসলাম মামলা দায়েরের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ ৮জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন দ্রুত বিচার আদালত।
আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে একমাসেও পুলিশ গ্রেফতার করতে পারেনি উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফ উদ্দিন চৌধুরীকে। তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। এছাড়াও তাকে বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত থাকতে দেখা গেছে। কিন্তু পুলিশের দাবি চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মামলার বাদি অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। উনার কবর উচ্ছেদের পায়তারা করছিল চেয়ারম্যান ও তার ভাইদের সহ একটি চক্র। এই ঘটনায় মামলা দায়েরের পর ইউপি চেয়ারম্যান সহ ৮জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। এরমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, ৩ জন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। ইউপি চেয়ারম্যান ও তার ভাইদের জামিন দেয়নি আদালত। গ্রেফতারী পরোয়ানা থাকলেও ইউপি চেয়ারম্যান নিয়মিত ইউনিয়ন পরিষদে আসছেন, বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। এছাড়াও আজ উপজেলা পরিষদে এক সভায় এবং কয়েকদিন আগে পাশের ইউনিয়ন পরিষদে এক সভায় প্রকাশ্যে উপস্থিত ছিলেন। তিনি প্রকাশ্যে থাকলেও গ্রেফতার করা হচ্ছে না।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান বলেন,’আমাদের ইউপি চেয়ারম্যান সাহেব নিয়মিত পরিষদে আসেন। আজও উপজেলা পরিষদে চেয়ারম্যান সাহেব ও আমরা মেম্বাররা জেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর সভায় ছিলাম।’
৬নং শরীফপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জাফর খাঁন বলেন, ‘আমাদের চেয়ারম্যান সাহেব পরিষদে সব সময় আসেন। জনগণের সেবা দিতে উনি অনেক সময় পরিষদে শুক্রবারও থাকেন। বৃহস্পতিবারও তিনি পরিষদে ছিলেন সন্ধ্যা পর্যন্ত।’
এই বিষয়ে কথা বলতে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফ উদ্দিন চৌধুরীর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইউপি চেয়ারম্যান সাঈফ উদ্দিন চৌধুরী পলাতক আছেন। তিনি উচ্চ আদালত থেকে জামিন এনেছেন, এমন কোন কাগজ থানায় জমা দেননি। তাকে দ্রুত সম্ভব গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:০৬ পিএম | শনিবার, ০১ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya