স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 10:02 pm
পুলিশের উপর গুলি চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আন্তঃ জেলা ডাকাত সর্দার মন্নাফ ওরফে মনেক (৫০) ও তার ছেলে শিপন (৩০)কে গ্রেফতারের পর অভিযান চালায় পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) তাদের সহযোগী শরীফুল (৩৫)সহ ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মনেক।
তাদের দেওয়া তথ্য মোতাবেক অপর সহযোগী মো.রাজিব(৩০) ও সাজ্জাদ হোসেন বাবু(৩০) নামের আরও দুই সহযোগীকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ।
পরে গ্রেফতারকৃতদের নিয়ে সোমবার রাতে নুরজাহানপুর গ্রামে মনেকের বসত বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়ে একটি দেশিয় তৈরি রিভলভার, একটি রাম দা,১০০ পিস ইয়াবা ও দুই বোতল হুইসকি উদ্ধার করেন।
আসামী গ্রেফতার ও অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনা নিয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে নবীনগর থানায় প্রেস ব্রিফিং করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, মনেক আন্তঃ জেলা ডাকাত সর্দার ও মাদক সম্রাট, তার এবং তার ছেলে শিপনের বিরুদ্ধে ডাকাতি,চুরি,হত্যা,ধর্ষণসহ ১৬টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নবীনগর থানায় মামলা দায়ের শেষে তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ও পরিদর্শক (তদন্ত) মোহাাম্মদ সোহেল।
উল্লেখ্য, মনেক ও তার ছেলে শিপনকে আটক করতে গত ৮ সেপ্টেম্বর নুরজাহানপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় মনেককে গ্রেফতার করা হলে তার ছেলে শিপন,সহযোগী শরীফুল,সোহাগসহ কয়েকজন দুদিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মনেককে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে ১৪ রাউন্ড পাল্টা গুলি চালায়। হামলাকারীদের গুলিতে নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সোহেল ও উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা গুলিবিদ্ধ হন।
Posted ১০:০২ পিএম | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya