জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:36 pm
সত্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করলেন এমদাদুল হক (৬৫) নামের এক ব্যক্তি। ট্রেনে ভ্রমণের মাঝে তার জীবনে দেনার দায় এড়াতে বকেয়া ২৫৩০ টাকা নিজে এসে পরিশোধ করলেন৷ আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নিজে এসে বকেয়া হিসেব করে টাকা পরিশোধ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের সামসুল হকের ছেলে এমদাদুল হক। কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন দুর্নীতি দমন কমিশনে (দুদক)। ২০২১ সালের ডিসেম্বরে তিনি চাকরি জীবন থেকে অবসরে যান। ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক। পরিবার নিয়ে বসবাস করেছেন জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে।
এমদাদুল হকের বড় ছেলে ইমরান জানান, আমার বাবা সৎ ভাবে জীবন যাপন করেন। মানুষের মনে কষ্ট পায় এমন কাজ তিনি কখনো করেননি। কেউ ১ টাকা পাওনা থাকলেও তিনি খুঁজে বের করে পরিশোধ করে। চাকরি জীবনের শেষ দিকে তিনি দুদকের হেডকোয়ার্টারে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে তিনি ঢাকা যাতায়াত করেছে। তখন বিভিন্ন কারণে অনেক সময় বাবা ট্রেনে টিকেট না কেটে আসা যাওয়া করেছেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি জীবন থেকে অবসরে যান। কিন্তু জীবনে কতবার তিনি ট্রেনে টিকেট না কেটে ভ্রমণ করেছেন, সেই হিসেব তিনি গুণে রেখেছেন। সেই হিসেব অনুযায়ী তিনি আজকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে বকেয়া ভাড়া গুলো পরিশোধ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার বলেন, আজ ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন কাউন্টারে এসে এক ব্যক্তি আসেন। তিনি জানাব যে আগে বিভিন্ন সময়ে টিকেট না কেটে ভ্রমণ করেছিলেন এবং উনার কাছে হিসাব আছে যে কতোবার টিকেট না কেটে ভ্রমণ করেছিলেন তিনি। সে হিসেবে উনি ২৫৩০ টাকা টিকিট /ভাড়া বাবদ রেলকে দিতে চাচ্ছেন। তখন স্টেশন বুকিং কাউন্টার থেকে ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম পর্যন্ত মহানগর প্রভাতীর ২৫৩০ টাকা সমমূল্যের আসন বিহীন টিকেট ইস্যু করে দেওয়া হয়। পরবর্তীতে উনাকে স্টেশন প্রধান বুকিং সহকারীর অফিসে বসিয়ে আপ্যায়ন এবং ধন্যবাদ প্রদান করা হয়।
তিনি আরও বলেন, এমদাদুল হক নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে গেলেন যে রেলে বিনা টিকেটে ভ্রমণ করা অন্যায়। উনি সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার ট্রেন ভ্রমণে আমরা সর্বাত্মক সহায়তা করবো।
এমদাদুল হক বলেন,’আমি যতো পূণ্যই করি না কেন, এই দেনার দায় তো কোনো পূণ্য দিয়ে শোধ করার উপায় নেই। তাই সরাসরি রেলের খাতেই জমা দিয়ে দিলাম। জানি না তাতে আমার দায় মুক্তি হবে কি না। তবে অন্তত মানষিক প্রশান্তি পাব’।
Posted ৮:১১ পিএম | সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya