স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আরফিন ভূইয়া নামে এক স্কুল ছাত্রকে মারধর করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল সামনে এ ঘটনা ঘটে। আরফিন ভূইয়া ওই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। সে একই ইউনিয়নের বড় কুড়িপাইকা জমাদ্দার বাড়ির আল আমিন ভূইয়ার ছেলে।
মারধরে আরফিনের ডান হাতের কব্জি ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়েছে। আহত আরফিন ভূইয়াকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আরফিনের দাদা অহিদ ভূইয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু যুবক প্রায়ই স্কুলের আশে পাশে অবস্থান নিয়ে ছাত্রীদেরকে উত্যক্ত করে আসছিল। রোববার সকালে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র হৃদয়সহ কয়েকজন যুবক ছাত্রীদেরকে উত্যক্ত করলে আরফিন ভূইয়া ও তার বন্ধুরা প্রতিবাদ করে। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে চলে যায়। সোমবার সকালে আরফিন ভূইয়া স্কুলের সামনে পৌঁছা মাত্র ৪/৫ জন যুবক তার উপর অতর্কিত হামলা করে বেদম মারধর করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকরা পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানতে চাইলে আরফিনের দাদা অহিদ ভূইয়া বলেন, মেয়েদেরকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এলাকার নাদিম, রোমান, হৃদয়, শাকিল ও অন্তর আমার নাতির উপর ক্ষিপ্ত ছিল। সকালে স্কুলে যাওয়ার সময় তারা আমার নাতিকে মারধর করেছে।
এ ব্যাপারে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাজ্জাদ হোসেন বলেন, আরফিন ভূইয়া আমার স্কুলের ছাত্র। আমাদের বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর ছাত্র হৃদয়সহ বহিরাগতরা আরফিনকে মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। তাৎক্ষনিক হৃদয়ের বাবাকে খবর দিয়ে বিষয়টি জানিয়েছি। এ ঘটনার সাথে হৃদয়ের সম্পৃক্ততা পাওয়া গেলে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:১৮ পিএম | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya