স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২২ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 11:03 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এনামুল হক লিটন নামের এক যুবক। লিটন ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালের বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার শরীরে ঢুকা সুচ ফুসফুসে পৌঁছেছে বলে জানিয়েছেন সেখানের চিকিৎসকরা। এনামুল হক লিটন জেলা শহরের উত্তর মৌড়াইলের এমএ আব্দুর রহিম খন্দকারের ছেলে।
এনামুল হক লিটনের বড় ভাই রউফ খন্দকার অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই এনামুল হক লিটনের সাথে গত মঙ্গলবার রাতে আখাউড়ার কয়েকজন যুবকের সাথে ঝগড়া হয়। এসময় সেই যুবকরা তাকে মারধর করে শরীরে কয়েকটি সুচ ঢুকিয়ে দেয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক জানান,তার শরীর এক্স-রে করতে। রাত প্রায় ১২টার দিকে শহরের জেলরোডে পেশেন্ট কেয়ার নামে একটি হাসপাতালে তাকে এক্স-রে করতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করে বুকের ভেতরে একটি সুচ পাওয়া যায়। তখন হাসপাতালটিতে উপস্থিত তারিকুল ইসলাম নামে এক চিকিৎসক জানান তিনি অপারেশন করে সুচটি বের করতে পারবেন। পরে ১০ হাজার টাকা চুক্তিতে লিটনের বুকের ভেতরে থাকা সুই অপসারণ করতে অপারেশন শুরু করেন। রাত প্রায় একটার দিকে অপারেশন থিয়েটারে লিটনের বুক কেটে কিছুক্ষণ পর সেই চিকিৎসক জানান, তারপক্ষে এই সুচ অপসারণ করা সম্ভব নয়। পরে বুকের কাটা জায়গায় কাপড় ঢুকিয়ে ব্যান্ডেজ করে চিকিৎসক তারেক হাসপাতাল থেকে পালিয়ে যায়। লিটনকে ব্যান্ডেজ করে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ দুপুরে সেখান থেকে জানানো হয় সুইটি বুকের আরও গভীরে চলে গেছে, তারাও অপরাগতা প্রকাশ করে। এরপর কুমারশীল মোড়ে আরও একটি হাসপাতালে নিয়ে গেলে বিকেলে সেই হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়। চিকিৎসক তারিকুলের অবহেলায় ও অপচিকিৎসার কারণে আমার ভাইয়ের শরীরের গভীরে সুইটি ডুকে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। লিটনের শারীরিক অবস্থার কথা জেনে বিকেলে আমাদের স্বজনরা উত্তেজিত হয়ে পেশেন্ট কেয়ার হাসপাতালে গেলে কিছুটা বাকবিতণ্ডা হয়।
লিটনের ভগ্নিপতি নাজমুল হক সানি জানান, লিটনের অবস্থা সংকটাপন্ন। এখানো তার শরীরের সেই সুচ অপসারণ করা যায়নি। সুচটি চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ফুসফুস পর্যন্ত পৌঁছেছে বলে ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা শনিবার বোর্ড বসিয়ে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
পেশেন্ট কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে পরিচালক (প্রশাসন) ইয়াছিন চৌধুরী বলেন, এই চিকিৎসক আমাদের হাসপাতালে বসেন না। বাইরে থেকে রোগী নিয়ে আসেন তিনি। আমাদের হাসপাতালে কিছু যুবক এসে স্টাফদের মারধর করে এবং হাসপাতালের সামনে থাকা কিছু মোটরসাইকেল ভাংচুরের চেষ্টা চালানো হয়।
অভিযুক্ত চিকিৎসক তারিকুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
খবর পেয়ে হাসপাতালে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে পুলিশ পাঠানো হয়। অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ বলেন, চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১১:০৩ পিএম | শুক্রবার, ২২ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya