জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:58 pm
ব্রাহ্মণবাড়িয়ায় একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন যাবত ভেঙে খানাখন্দের সৃষ্টি হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ও এই সড়ক দিয়ে যাতায়াত করা যাত্রীরা। সম্প্রতি ফেসবুকে এই নিয়ে প্রতিবাদের ঝড় উঠে। মঙ্গলবার (২২ আগস্ট) এই সড়কের কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতে অভিনব লেখায় ফেস্টুন সাঁটিয়ে দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
ফেস্টুন গুলোতে লেখা রয়েছে ‘যাদের দায়িত্বের অবহেলার কারণে এই রাস্তার বেহাল দশা জন দূর্ভোগ তাদের উপর এবং তাদের পরিবারের উপর আল্লাহর গজব নাযিল হোক -আমিন’। অভিশাপ দেওয়া এই ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালিবাড়ি মোড় থেকে নবীনগরের কৃষ্ণনগর পর্যন্ত সড়কটি জেলা পরিষদের অধিনস্থ ছিল। এই সড়কের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে আমিনপুর সেতু পর্যন্ত গত দুই বছর যাবত খানাখন্দে ভরে যায়। সড়কটি মেরামত করতে দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড থেকে নাটাই দক্ষিন ইউনিয়নের গাছতলা সেতু পর্যন্ত জেলা পরিষদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তর করে। গত প্রায় ৬/৭মাস আগে সাড়ে ৫ কোটি ব্যয়ে সড়কটি মেরামতের কাজ পায় হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু গত তিন মাস যাবত দক্ষিণ পৈরতলা রেলগেইট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ফলে এই সড়ক দিয়ে পরিবহন যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে কষ্টকর হয়ে পড়েছে। এই নিয়ে এলজিইডি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও লাভ হয়। মঙ্গলবার ওই সড়কের তিনটি বৈদ্যুতিক খুঁটিতে ‘অভিশাপ’ দিয়ে কে বা কারা ফেস্টুন সাটিয়ে দিয়ে যায়। সেই ফেস্টুনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই বিষয়ে দক্ষিণ পৈরতলার বাসিন্দা আল আমিন বলেন, সড়কের এই বেহাল দশায় আমাদের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি ফেলে রেখেছে। প্রতিবাদের অংশ হিসেবে কে বা কারা এই ফেস্টুন সাঁটিয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাংককে থাকায় এই বিষয়ে বক্তব্য জানা যায়নি।
তবে ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান জানান, ফেস্টুনটি আমার নজরে এসেছে। ঠিকাদার হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন আছেন। সড়কটিতে পানি জমে থাকায় কাজ করতে সমস্যা হচ্ছিল। আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটি মেরামত সম্পন্ন হয়ে যাবে।’
Posted ৯:৫৮ পিএম | বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya