জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০১ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 8:24 pm
পবিত্র ঈদুল আযহার আগের দিন থেকে প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে কাঁচা মরিচের ঝাল। আজ শনিবার (০১ জুলাই) বিকেল পর্যন্ত জেলা শহরের কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৭৫০-৮০০টাকা। আর গ্রামের বাজার গুলোতে কাঁচা মরিচ প্রতি কেজি ১০০০টাকায় বিক্রি হচ্ছে। ক্রয় মূল্য বেশি হওয়ায় অতিরিক্ত মূল্যে বিক্রয় করতে হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর ক্রেতারা অভিযোগ করেছেন, বাজার কোন প্রকার মনিটরিং না করায় প্রতিদিনই সবজির মূল্য বাড়ছে।
শহরের টিএ রোডের দক্ষিণ কালিবাড়ি মোড়ে সবজি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, আজ কাঁচা মরিচ প্রতি কেজি ৭৫০টাকায় থেকে ৮০০টাকায় বিক্রয় করতে হচ্ছে। কারণ আড়ৎ থেকে প্রতি কেজি ৬৫০টাকায় কিনতে হয়েছে।
শহরের ফারুকী বাজার, আনন্দ বাজার, মেড্ডা বাজার, মধ্যপাড়া বর্ডার বাজার সহ সব কাঁচা বাজারে একই মূল্যে কাঁচা মরিচ বিক্রয় হচ্ছে।
হিরন মিয়া নামের ফারুকী বাজারের আরেক সবজি ব্যবসায়ী জানান, আড়ৎদাররা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম। তাই তাদের কিনতে হচ্ছে বেশি দামে। তারাও বেশি দাম নিচ্ছেন আমাদের কাছ থেকে। সাড়ে ৬শত টাকায় ক্রয় করে প্রতি কেজি ৮০০টাকায় না বিক্রয় করলে আমাদেরও কিছু থাকে না। কারণ কাচা মরিচ পচনশীল সবজি, তাই এরমধ্যে নষ্ট হয়।
আশুগঞ্জে তালশহর বাজার, সরাইলের বিকেল বাজার, আখাউড়ায় লালবাজারে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরায় ১০০০টাকায় বিক্রয় হচ্ছে।
বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে কাঁচা মরিচ ছাড়াও শর্শা প্রতি কেজি ১০০টাকা,গাজর প্রতি কেজি ১৪০ টাকা, লেবু হালি ৪০টাকা দরে বিক্রয় হচ্ছে।
Posted ৮:২৪ পিএম | শনিবার, ০১ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya