স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 12:19 am
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে জয়লাভ করেছেন মো. বিল্লাল মিয়া। শনিবার (০৮ মার্চ) অনুষ্ঠিত ভোটে তিনি ৭৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। আনারস প্রতীকের শফিকুল আলম পেয়েছেন ১৩৩ ভোট।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থীরা ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের মেয়র মো. হেলাল উদ্দিন (চশমা প্রতীক), জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল আলম (আনারস প্রতীক) ও জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করা মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক)।
জেলার নয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট দেন। মোট ভোটার সংখ্যা ছিলো ১৩৮৪ জন। এর মধ্যে নাসিরনগর উপজেলায় ১৭১ জন, সরাইল উপজেলায় ১১৯ জন, আশুগঞ্জ উপজেলায় ১০৪ জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৬১ জন, বিজয়নগর উপজেলায় ১৩০ জন, কসবা উপজেলায় ১৪৬ জন, আখাউড়া উপজেলায় ৮১ জন, নবীনগর উপজেলায় ২৮৮ ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৪ জন ভোটার।
২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মারা গেলে পদটি শূন্য হয়।
Posted ১২:১৯ এএম | রবিবার, ১০ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya