স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:01 am
সাবেক আইমন্ত্রী আনিসুল হক, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এবং তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশ, সরাইল ১২ ব্যাটালিয়ান ভারপ্রাপ্ত অধিনায়ক (সিইইউ) মেজর এরশাদসহ ৯ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আফরিন আহমেদ হ্যাপি আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি রুজু করতে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, জেলার আখাউড়া উপজেলায় ২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদের ভোট চলাকালে একটি ভোটকেন্দ্রে গুলিতে আবদুল হাদিস-(৪২) নামে এক ব্যক্তির নিহত হয়। নিহত হাদিসের বড় ভাই আখাউড়া পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া বাদি হয়ে এই ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ এজাহারটি মামলা হিসেবে নথিভুক্তের জন্য আখাউড়ার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূইয়া-(৬৮), তাকজিল খলিফা কাজলের আপন ভাই সিএন্ড এফন সাধারণ সম্পাদক ফুরকান খলিফা-(৪৫), আখাউড়া উপজেলা বিএনপির সাবেক নেতা জাহাঙ্গীর মিয়া-(৬০), উপজেলার তারাগনের জুয়েল খান-(৮৫), নাহিদ খান-(৩০) ও উপজেলা শ্রমিক লীগ নেতা নাছির মিয়া-(৫৫)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় আবুল কাশেম আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নিহত হাদিস মিয়া ভোট কেন্দ্রের প্রায় ৩০০গজ দূরে অবস্থান করছিলেন। ভোট কেন্দ্রের কাছাকাছি বিএনপির কর্মী-সমর্থকদের অবস্থানের বিষয়টি মামলার আসামীরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফাকে মুঠোফোনে জানান। আনিসুল ও তাকজিল সেসময় নিহত হাদিসসহ অন্যদের দেখামাত্রই গুলি করার জন্য বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ককে নির্দেশ দেন। বিজিবির তৎকালীন অধিনায়ক ঘটনাস্থলে পৌঁছে একটি রাইফেল নিয়ে গুলি করেন। বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ হলে হাদিছ ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিছকে মৃত ঘোষণা করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী নুরুজ্জামান লস্কর বলেন, আদালত এজাহারটি মামলা হিসেবে নথিভূক্ত করার জন্য আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
Posted ১০:০১ এএম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya