জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১২ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 9:16 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানার কার্যক্রম শুরু হয়। এরপর দুপুরে শিক্ষার্থীরা থানায় গেলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। এসময় শিক্ষার্থীরাও ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরআগে, গত ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের খবরে একদল দূর্বৃত্ত সদর মডেল থানায় হামলা চালায়। এসময় থানার ভেতর থেকে তাদের উপর গুলি ছোড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে দফায় দফায় থানায় হামলা করে তারা। এসময় হামলায় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় ওসির বাসভবন ও পুলিশ সদস্যদের মেস। এই অবস্থায় গোয়েন্দা শাখার একটি দল গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। পরে সন্ধ্যা ৭টায় থানায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ আবারও হামলা করে দূর্বৃত্তরা। হামলাকারীরা থানায় প্রধান ভবন ও ট্রাফিক অফিসে আগুন দেয়। এতে পুড়ে ছারখার হয়ে যায় সব কিছু। এসময় সদর থানায় থানার সামনে থাকা ৩টি পিকআপ ভ্যানে ও একটি ট্রাকে আগুন দেয়। লুটপাট চালানো হয় থানায়। এসব ঘটনার পর সংস্কারের আগে সোমবার এই থানাতেই কার্যক্রম শুরু করা হয়েছে।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ছাত্র আন্দোলনের সুযোগের ব্যবহার করে ভাংচুর করা হয়েছে। যারা ভাংচুর করে, নাশকতা করে তারা আর যা ই ছাত্র হতে পারে না। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা প্রথম হারানো মাল ফেরত পেতে মাইকিং করে। আমরাও হারানো মালামাল ফেরত পেতে সর্বাত্মক সহায়তা করবো। আপনারা সবাই পুলিশকে সহায়তা করবেন। আগের যে দিন ছিল তা যেন ফেরত না আসে। কেউ খারাপ আচরণ করলে তাদের বাধা দেবেন, তাদের বুঝাবেন। আমাদের লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে, এটা মনে রাখতে হবে।
তারা আরও বলেন, এতোদিন পুলিশ ছিল না। আমরা দেখেছি শহরের কি অবস্থা। বিভিন্ন জায়গায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। আমাদের পুলিশ বাহিনী দরকার। পুলিশ আমাদের শত্রু এমন কেউ ভাববেন না। আমাদের সাথে দমন পীড়ন হয়েছে, কিন্তু তা করা হয়েছে উপরের মহলের নির্দেশে।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের সূর্য সন্তানরা আমাদের কাঙ্খিত সেই স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে। সেই স্বাধীনতা আমাদের বজায় রাখতে হবে, এজন্যে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এখন সুন্দর পেয়েছি, সেই পরিবেশ আমরা কাজ করে যাব। আমরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের (শিক্ষার্থী) বরণ করে নিলাম।
Posted ৯:১৬ পিএম | সোমবার, ১২ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya