জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১১ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 11:00 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (১১ জুন) উভয় পক্ষের ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০/৬৫জনকে আসামী করে মামলা দায়ের করে। সদর মডেল থানার উপপরিদর্শক শ্রীভাস চন্দ্র দাস বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহবায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তীকে করা হয়। নবগঠিত কমিটির আহবায়ক শাহীন, সদস্য সচিব সমীর, যুগ্ম আহবায়ক এলভীন লস্কর ও আব্দুল গাফফার রিমন শুক্রবার সকালে জেলা কৃষকদলের আহবায়ক আবু শামীম মো. ভিপি শামিমের কান্দিপাড়ার বাসায় যান। সেখানে সদ্য ঘোষিত কমিটির সদস্যদের শুভেচ্ছা দেওয়া হচ্ছে বলে জানতে পারেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এই খবরে পদবঞ্চিত নেতাকর্মীরা জেলা কৃষক দলের আহ্বায়কের কান্দিপাড়ার বাড়িতে হামলা চালায়। এসময় আবু শামীমের বাড়ির পেছন দিয়ে সদ্য ঘোষিত কমিটির সদস্যরা পালিয়ে আত্মরক্ষা করেন। পরে স্থানীয় লোকজন ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ নেতাকর্মীদের বুঝালে ছাত্রদলের বিদায়ী কমিটির সদস্যরা সেখানে থেকে চলে আসেন। একই দিন বিকেলে জেলা শহরের টিএ রোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিল শেষে তারা কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের যুগ্ম আহবায়ক কাউসার কাউন্সিলরের বাড়িতে হামলা করে ভাংচুর চালায়। এসময় ভাংচুর করা হয় ঘরের দরজা জানালা, গেইট ও একটি মোটরসাইকেল।
এসব ঘটনায় গত দুদিন ধরে শহরের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। শনিবার রাতে ফের পদ বঞ্চিত নেতাকর্মীরা আবার তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের পক্ষের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ককটেল ও গুলির ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম মামলার বিষয়ে নিশ্চিত করে জানান, শনিবার সংঘর্ষের পর ঘটনাস্থলে অনেক অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Posted ১১:০০ পিএম | রবিবার, ১১ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya