স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:04 pm
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যান চাপায় পায়েল সরদার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত পায়েল সরদার জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ূম সরদারের ছেলে। তিনি কুয়েত থেকে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। এছাড়াও এই ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে আহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কসবার দিকে একটি মোটরসাইকেল যোগে দুইজন আরোহী যাচ্ছিলেন। সুলতানপুর নামক এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি৷ যানযট নিরসনের কাজ চলছে।
Posted ৯:০৪ পিএম | বুধবার, ২৩ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya