স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
সর্বশেষ আপডেট : 10:51 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। গত ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার ভূইয়া ও তার লোকজন স্থানীয় পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বাসির মিয়ার উপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বাসির।
এ ঘটনায় শুক্রবার রাতে কাউসার ভূইয়াকে প্রধান আসামি করে বিজয়নগর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আহত বাসির মিয়া। মামলার বাকি দুই আসামি হলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের বাবুল ভূইয়ার ছেলে আসাদ ভূইয়া ও বাদল ভূইয়ার ছেলে ফয়সাল ভূইয়া।
মামলার এজহারে বলা হয়, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় মুকন্দপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাসির মিয়ার সাথে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার ভূইয়ার নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গত ১৫ আগস্ট উপজেলা পরিষদে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে স্থানীয় গুয়ালনগর সড়কে কাউছার ভূইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাসির মিয়ার উপর হামলা চালান। এ সময় তাকে বেধরক পিটিয়ে তার কাছ থেকে মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে বাসিরের আর্তচিৎকারে স্থানীয়রা ঘটননাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত বাসির মিয়া অভিযোগ করে বলেন, কাউসার ভূইয়া একজন মাদক ব্যবসায়ী। আমি তার মাদক ব্যবসায় বাধা দিয়েছিলাম। তার অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ। মূলত এসব বিষয় নিয়েই ক্ষিপ্ত হয়ে সে আমার উপর হামলা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Posted ৬:৩৫ পিএম | শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya