স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 8:17 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করায় এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আমতলী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সারের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রেতার থেকে বেশি টাকা নিয়ে কম টাকার রশিদ প্রদান করা এবং কোনো কোনো ক্ষেত্রে মূল্য রশিদ না দিয়েই সার বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আবু তাহের ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আবু তাহেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এমন অপরাধ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।
তিনি আরও বলেন, ক্রমান্বয়ে বিজয়নগর উপজেলার প্রতিটি বাজারে এরূপ অভিযান পরিচালনা করা হবে। যারা এখনো সরকারি সিদ্ধান্তের বাইরে বাড়তি মূল্যে সার বিক্রয় করছেন তাদের সচেতন হওয়ার জন্য পুনরায় অনুরোধ জানান ইউএনও ইরফান উদ্দিন।
Posted ৮:১৭ পিএম | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya