জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ সর্বশেষ আপডেট : ৭:৩৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের উপর এলোপাতাড়ি গুলি করে শীর্ষ অপরাধী পিতাকে ছিনিয়ে নিয়ে গেল সন্ত্রাসী ছেলে। এই ঘটনায় দু’পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন- নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা।
জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ি মন্নাফ (৫০) ওরফে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলার রয়েছে। গত ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ। মনেক সম্প্রতি জেল থেকে জামিনে বেড়িয়ে আবারো মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড আবার শুরু করেন। তার ছেলে শিপনও ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আরও জানা যায়, অপরাধী বাবা-ছেলে এলাকায় অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনেককে আটক করে পুলিশ। এই সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন মাদককারবারি দু’দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়।
মাদককারবারিদের গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানার গুলিবিদ্ধ হন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, মনেককে ছাড়িয়ে নিতে তার ছেলে শিপন ও তার সহযোগী সোহাগসহ আরো দু’জন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে, পুলিশও আত্মরক্ষা করতে পাল্টাগুলি ছুড়ে। সেই সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় পরিদর্শক (তদন্ত) সোহেল রানার হাতে ও এসআই রনি সোরে রানার মাথায় গুলিবিদ্ধ হয়।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাথায় গুলিবিদ্ধ এসআই রনিকে কুমিল্লা রেফার্ড করেন। দুপুরে তার অপারেশন হবে৷ তবে সে আশঙ্কা মুক্ত আছে। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ও ডাকাত মন্নাক ওরফে মনেক ও তার ছেলে শিপনসহ তার সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

Posted ৭:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর