নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে ‘আমারে দেবো না ভুলিতে’ সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 10:00 pm

নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে ‘আমারে দেবো না ভুলিতে’ সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’।

বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া যৌথভাবে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে নজরুলের জীবন, কর্ম ও সৃষ্টির নানা দিক তুলে ধরা হয়। তাঁর বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ও সমন্বয়ক পীযূষ কান্তি আচার্যের গ্রন্থনা ও উপস্থাপনায় পরিবেশিত হয় নজরুলের কালজয়ী গান ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’। এরপর পর্যায়ক্রমে পরিবেশিত হয় ‘শুকনো পাতার নূপুর পায়ে’।
সৌম্য সরকার পরিবেশন করেন ‘ফুলের জলসায় নীরব কেন কবি’। তৃষা বণিকের কণ্ঠে পরিবেশিত হয় ‘ফিরিয়া যদি সে আসে’। পীযূষ কান্তি আচার্য পরিবেশন করেন ‘আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দেব না ভুলিতে’।
প্রিয়ম আচার্যের কণ্ঠে পরিবেশিত হয় ‘মনে পড়ে আজ সে কোন জনমে’। কৃত্তিকা সাহা পরিবেশন করেন ‘মোর না মিটিতে আশা ভাঙিলো খেলা’।
এছাড়া সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘কারো ভরসা করিস নে তুই, এক আল্লার ভরসা কর’ এবং ‘একে অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী’।
অনুষ্ঠানে নুসরাত জাহান বুশরার পরিচালনায় নজরুলের ‘খুকি ও কাঠবিড়ালি’ পরিবেশিত হয়। অর্পণ মিত্র ভৌমিকের কণ্ঠে পরিবেশিত হয় কবিতা ‘মানুষ’। পাশাপাশি আল আমীন শাহিনের নির্দেশনায় মঞ্চস্থ হয় নজরুলের নাটক ‘পুতুলের বিয়ে’।
অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন সংগীত প্রশিক্ষক মনিকা আচার্য। তবলায় ছিলেন বাবুল মালাকার, কিবোর্ডে ফরিদ আহমেদ সাগর, অক্টোপ্যাড সুদীপ্ত সাহা মিঠু গিটারে অভিজিৎ সাহা।
আয়োজকরা বলেন, নজরুলের প্রয়াণ নেই—আছে তাঁর অনন্ত জাগরণ। তাঁর সৃষ্টির মধ্যে আজও বেঁচে আছে সাম্য, মানবতা, প্রেম, বিদ্রোহ ও অসাম্প্রদায়িকতার শক্তি। নতুন প্রজন্মের হৃদয়ে নজরুলের এই চেতনা জাগ্রত রাখতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন জেলা কালচারাল অফিসার (অ. দা.) এস এম টি কামরান হাসান।

Facebook Comments Box

Posted ৮:২৩ পিএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

The Daily Sarod |