ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটার অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাহাড়ের মাটি নেওয়ার কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক জব্দ করা হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় নিয়মিত আইনশৃংখলা রক্ষা ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ‘পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি.’ এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মো. রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মচারি মো. ফারুক হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া শ্রমিক মো. উসমান গণিকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকরি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, অবৈধভাবে পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।