জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 9:50 pm
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানিয়েছেন, আশুগঞ্জ-আগরতলা নির্মাণাধীন সড়কের বেহাল অবস্থার বিষয়ে আমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম। এরই প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় অংশ নিজস্ব অর্থে মেরামতের সম্মতি দিয়েছে। এতে করে ভারতীয়দের আশায় বসে থাকতে হবে না।
বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নবাগত জেলা প্রশাসন মোহাম্মদ দিদারুল আলম এই কথা জানান।
মন্ত্রী পরিষদ বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নদী বন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের গুরুত্বপূর্ণ ০২টি প্যাকেজ ঢাকা-সিলেট এবং কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক। প্রকল্পের এই অংশের রাস্তা ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি চলাচল করে। কিন্তু প্রকল্পের অন্তর্ভুক্ত এ দুইটি প্যাকেজভুক্ত সড়কের বেশ কিছু অংশে এখনও নতুন রাস্তা নির্মাণ শেষ না হওয়ায় জনভোগান্তি সীমাহীন পর্যায়ে পৌছেছে।
উল্লেখ্য যে, দেশের বর্তমান প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত সকল ভারতীয় নাগরিক নিজ দেশে ফেরত চলে গেছেন। ফলে বর্তমানে এ রাস্তার কাজ বন্ধ রয়েছে। উল্লিখিত অংশগুলোতে দ্রুত মেরামত কাজ করা না হলে হতাহতসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এই অবস্থায় জনদুর্ভোগের বিষয়টি বিবেচনাপূর্বক ঢাকা-সিলেট এবং কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ভাঙাচোরা অংশের রাস্তা দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে সদয় নির্দেশনা প্রদান করা করতে মন্ত্রী পরিষদ বিভাগের সভায় প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছে। এর ফলে এই সড়ক দেশের নিজস্ব অর্থে প্রয়োজনীয় অংশ মেরামত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, আমরা চিঠি পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শুরু করতে সড়ক বিভাগের সাথে কথা বলেছি।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের এডিসিগণ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ সাংবাদিকগণ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করে বক্তব্য রাখেন।
Posted ৯:৫০ পিএম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya