স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৪ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 11:49 pm
দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র ওপর হামলার অভিযোগে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) দুপুর ১২টার দিকে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের শুন্যরেখায় এই মারধরের ঘটনা ঘটে। পরে বিকেলে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদি বিশ্বজিৎ পাল বাবু আখাউড়া পৌর এলাকার রাধানগরে এবং আসামি মহিউদ্দিন মিশুর বাড়ি একই উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার সংলগ্ন সাহেবনগরে।
ঘটনার পরপর ভিকটিম সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি বাদি হয়ে মহিউদ্দিন মিশুকে একমাত্র আসামি করে বিকেলে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় বাদি উল্লেখ করেন, আগে থেকেই মহিউদ্দিন মিশুর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। ঘটনার সময় চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ড এলাকায় বিশ্বজিৎ পালকে দেখতে পেয়ে গালমন্দ করতে থাকেন মহিউদ্দিন মিশু। বিশ্বজিৎ পাল গালমন্দের প্রতিবাদ না করে ঘটনাস্থল ত্যাগ করতে উদ্যত হলে মহিউদ্দিন মিশু দৌড়ে এসে তাকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে মহিউদ্দিন মিশু ধারালো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করলে বিশ্বজিৎ’র থুতনির নিচে বাম পাশে রক্তাক্ত জখম হয়। পরে সেখান থেকে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রক্তাক্ত স্থানে দুটি সেলাই দেওয়া হয়।ঘটনার পরপর সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহিউদ্দিন মিশুকে আটক করে আখাউড়া থানায় নিয়ে আসে। পরে মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, মামলা দায়ের পর ‘মহিউদ্দিন মিশু’কে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
Posted ১১:৪৯ পিএম | সোমবার, ২৪ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya