আখাউড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় খাদে সিএনজি, শিশু নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 9:24 pm

আখাউড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় খাদে সিএনজি, শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে আয়েশা আক্তার (২) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আয়েশা জেলার সদর উপজেলার গোকর্ণঘাট গ্রামের ওমর ফারুকের মেয়ে। এই ঘটনায় আয়েশার মা মুক্তা ও তার ফুফা আলমগীর আহত হয়েছে।

জেলা সদর হাসপাতালে আহতরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আয়েশার বাবা ওমর ফারুক,মা মুক্তা বেগম ও ফুফা আলমগীর সহ পরিবারের ৫জন সিএনজি চালিত অটোরিকশা যোগে কসবা উপজেলায় চারগাছে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার এলাকায় সিএনজিটিকে দ্রুতগামী ট্রাক পেছন দিয়ে চাপা দিলে সিএনজিটি পাশের খাদে চলে যায়। এতে শিশু আয়েশা আক্তার, আয়েশার মা মুক্তা বেগম ও ফুফা আলমগীর গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এবিএম মুসা জানান, শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫১ পিএম | শনিবার, ১৫ জুন ২০১৯

dainiksarod |