বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 9:55 pm
রাত পোহালেই ২১ শে ফেব্রুয়ারি। বাঙ্গালি জাতির এক স্মরণীয় দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে শহীদ দিবসটি। আর শ্রদ্ধাভরে বাঙ্গালি জাতি স্মরণ করবে এ দেশের বীর সন্তানদেরকে।
আর এ দিবসটি পালন করতে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হরষপুর ইউনিয়নের নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা শহীদ মিনারের অভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণে ব্যস্ত সময় পার করছেন।
৫ম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ, নাদিয়া আফরিন রিয়া, আকাইদ, রবিউল, সাদিয়া, তুহিন শহীদ মিনার তৈরী করছে।
শিক্ষার্থী জুনাঈদ জানায়, আমাদের স্কুলে শহীদ মিনার নেই। কালকে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস। তাই আমরা কলাগাছ দিয়ে শহীদ মিনার বানাইতেছি।
এসময় তাদের সাথে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে শহীদ মিনার নির্মাণ কাজে সহযোগিতা করতে দেখা গেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৩ সালে। বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৪শ’ জন। প্রতিষ্ঠার পর থেকেই ভাষা শহীরদের প্রতি শ্রদ্ধা জানাতে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শিক্ষার্থীরা। এই কাজে শিক্ষার্থীদের সহযোগিতা করেন শিক্ষকরা।
Posted ৯:৫৫ পিএম | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya