ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 2:43 pm

ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে বিশেষ কৌশলে কারচুপি করে ইলিশ মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার এলাকায় মাছের পাইকারি ও খুচরা আড়ত ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে মেসার্স সিয়াম মিয়া নামের ইলিশ মাছ বিক্রির দোকানে ওজন মেশিনে অভিনব কারচুপির বিষয়টি ধরা পড়ে। অভিযানে দেখা যায়, বিক্রেতা আপেল মাহমুদ ওজন মেশিনের ভেতরে একটি রাবার ও রশি বিশেষ কৌশলে সংযুক্ত করে রেখেছেন। রশিটির অপরপ্রান্ত গামছার আড়ালে তার হাতের কাছে রাখা ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ওই রশি টেনে বা ঢিলে করে বিক্রেতা ইচ্ছেমতো ওজন কম-বেশি করতে পারতেন। ফলে ক্রেতারা প্রকৃত ওজনের চেয়ে কম মাছ পেতেন। অভিযানের সময় রশি ও রাবারসহ কারচুপির পুরো ব্যবস্থাটি হাতেনাতে ধরা পড়ে।
পরে আপেল মাহমুদ তার কারচুপির বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আপেল মাহমুদকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিকে, প্রতিষ্ঠানটির মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের ঘটনা পুনরায় ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪৩ পিএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |