অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 11:21 am
সংসদে ভোটের মাধ্যমে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল করেছে লেবানন৷ ঐতিহাসিক এক ভোটাভুটির মাধ্যমে মৃত্যুদণ্ড বাতিল করে তার পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান চালু করেছে মধ্যপ্রাচ্যের এই দেশ৷
ভূমধ্যসাগরীয় অঞ্চলের ছোট এই দেশে ২০০৪ সালের জানুয়ারি থেকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে একটি অনানুষ্ঠানিক স্থগিতাদেশ রয়েছে৷ তা সত্ত্বেও বেশ কিছু মামলায় মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে৷ তবে পরে সেই আদেশ স্থগিত করা হয় বা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তি ঘোষণা করা হয়৷
গতকাল মঙ্গলবার লেবাননের ১২৮ সদস্যের সংসদে অধিকাংশ সদস্যই মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দেন৷ তবে হেজবুল্লাহর সমর্থকরা মৃত্যুদণ্ড বাতিল চাননি৷
ভোটাভুটির পর লেবাননের বিচারমন্ত্রী আদেল নাসার বলেন, দেশের জন্য এ এক ‘ঐতিহাসিক পদক্ষেপ’৷
বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে সারা বিশ্বে মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে আসছে৷ ফলে লেবাননে মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা৷ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস বলেন, ‘‘লেবানন এমন এক নিষ্ঠুর দণ্ডব্যবস্থা থেকে চূড়ান্তভাবে সরে আসছে, যা প্রয়োগ করা কখনোই উচিত নয়।”
সূত্র: ডয়চে ভেলে
Posted ১১:২০ এএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya