নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 10:18 pm
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীর তীর ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটকাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।
অভিযান চলাকালে সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযুক্ত আজিজুর রহমান লিটন অভিযানের সময় উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:১৮ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya